ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ঋণে জর্জরিত নায়িকা

ads

ঋণে জর্জরিত হয়ে পড়েছেন টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ। বর্তমানে মোটা অঙ্কের ঋণের বোঝা তার মাথায় রয়েছে বলে জানিয়েছেন তিনি।


আসানসোল দক্ষিণ আসন থেকে বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়ছেন সায়নী ঘোষ। মনোনয়পত্র জমা দিতে গিয়ে নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দেন এই নায়িকা। এ সময় এসব তথ‌্য জানান সায়নী।


কীভাবে এত অর্থের ঋণী হয়েছেন তা উল্লেখ করে সায়নী জানান, ২০১৯-২০ অর্থবর্ষে তার আয় ছিল ৪৯ লাখ ২ হাজার ৫৬৮ রুপি ৩২ পয়সা। বর্তমানে তার হাতে আছে ৩২ হাজার ৭৭৫ রুপি। পাশাপাশি বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে অভিনেত্রীর নামে রয়েছে ১০ লাখ ৩৩ হাজার ৮২৫ রুপি ৮ পয়সা। মোট ৮ লাখ ৫২ হাজার ৩৭৬ রুপির জীবনবীমা আছে সায়নীর। তবে শেয়ার বাজারে কোনো বিনিয়োগ করেননি তিনি। এছাড়া তার কাছে আছে ৪ গ্রাম স্বর্ণ। যার বাজার মূল্য ২৩ হাজার ১১২ রুপি।


যাদবপুরে বহুতলের একটি ফ্ল্যাটের বাসিন্দা সায়নী। ২০১৫ সালে ৬৭০ বর্গফুটের ওই ফ্ল্যাটটি কিনেছিলেন ২৪ লাখ ১ হাজার রুপিতে। বর্তমানে এর বাজারদর প্রায় ৩৪ লাখ রুপি। তবে কোনো কৃষিজমি তার নামে নথিভুক্ত নেই। ২০১৭ সালে ৬ লাখ ৭৭ হাজার ৩৬৯ রুপির বিনিময়ে একটি হোন্ডা জ্যাজ গাড়ি কিনেছিলেন তিনি। গাড়ি ও বাড়ি মিলিয়ে ৬৪ লাখ ৪৫ হাজার ৫৫৬ রুপি ৫২ পয়সার ঋণ শোধ করে চলেছেন সায়নী। ব্যাংকের বাইরেও কিছু ঋণ রয়েছে। সব মিলিয়ে মোট ৮৩ লাখ ৮২ হাজার ৭৫১ রুপি ৫২ পয়সার ঋণের বোঝা রয়েছে এই তারকা প্রার্থীর মাথায়। আয়ের উৎস হিসেবে অভিনয়ের পারিশ্রমিক এবং বিজ্ঞাপনকে হলফনামায় তুলে ধরেছেনে সায়নী ঘোষ।


টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান সায়নী। তিনি একজন সংগীতশিল্পীও। ২০১০ সালে ‘নটবর নট আউট’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। পরের বছরই রাজ চক্রবর্তীর ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান। তবে রাজ চক্রবর্তী পরিচালিত ‘কানামাছি’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।


সায়নী অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘অলিক সুখ’, ‘গল্প হলেও সত্যি’, ‘একলা চলো’, ‘মায়ের বিয়ে’, ‘রাজকাহিনি’, ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’, ‘মেঘনাধ বধ রহস্য’, ‘কিরিটি রায়’, ‘কে তুমি নন্দিনী’ প্রভৃতি। এছাড়া বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন সায়নী।

ads
ads
ads

Our Facebook Page